বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির যৌথ উদ্যোগে রবিবার (১৩ জানুয়ারী) স্থানীয় জুয়িং সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হলো 'ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৯'। বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব দল, সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশসহ অন্যান্য কমিউনিটি সদস্যদের নিয়ে গঠিত মোট ২৭টি দলের ৫৪ জন খেলোয়াড় স্কুলের ইনডোর স্পোর্টস গ্রাউন্ডের টুর্ণামেন্টটিতে অংশ গ্রহণ করে।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জনাব মো. মোস্তাফিজুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন এবং টুর্ণামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন। হাই কমিশনার তার উদ্বোধনী বক্তব্যে বলেন, 'হাইকমিশন এবং কমিউনিটির মধ্যকার মেলবন্ধন জোরদার করতে হাই কমিশন বিভিন্ন সাংস্কৃতিক ও সৃষ্টিধর্মী কর্মসূচীর আয়োজন করছে। প্রতিটি আয়োজনেই কমিউনিটির স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ এই মেলবন্ধনকে আরও সুদৃঢ় করছে'।
আরও পড়ুন: ফৌজদারহাটে তেলের ডিপোতে আগুন
খেলাধুলার মত সুকুমার বৃত্তির চর্চা প্রবাসে বাংলাদেশীদের ইমেজ বৃদ্ধিতে ধনাত্মক ভূমিকা রাখবে। এই টুর্ণামেন্ট আয়োজনে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উল্লেখযোগ্য সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ দলকে সমর্থন জানানোর পাশাপাশি পুরো টুর্ণামেন্টটি উপভোগ করেন। এই ধরণের আরও টুর্ণামেন্ট আয়োজন এবং প্রবাসী বান্ধব সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচী পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে উদ্দীপক হিসেবে কাজ করবে এমনটাই মনে করেন টুর্নামেন্ট উপভোগ করতে আসা দর্শকবৃন্দ।
ইত্তেফাক/জেডএইচডি