বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। বুধবার সকালে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার কদমদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম (১৭) গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈড় গ্রামের শান্ত মোল্লার ছেলে ও ট্রাক চালকের সহকারী ছিলেন।
বাগেরহাট মহাসড়ক পুলিশের কাটাখালী থানার উপ-পরিদর্শক মলায়েন্দ্র নাথ রায় জানান, বুধবার সকালে গোপালগঞ্জ থেকে মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি প্লাস্টিকের ব্যারেল বোঝাই ট্রাক মহাসড়কের কদমদী এলাকায় পৌঁছলে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের বাঁপাশে বসে থাকা চালকের সহকারী আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকের চালক শামীম আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আরো পড়ুন: ফৌজদারহাটে তেলের ডিপোতে আগুন
দুর্ঘটনার শিকার ট্রাক চালকের অসাবধানতার কারনে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশ কর্মকর্তা আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/অনি/বিএএফ