উপদেশ মেনে চলার নির্দেশ

বাংলাদেশ ফুটবল দল দলের ব্রিটিশ কোচ জেমি ডে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটাই মেনে চলতে হবে খেলোয়াড়দের। ৫ দিনের ক্যাম্প গতকাল শেষ হয়েছে। এই বিশেষ ক্যাম্পে জেমি ডে প্রতিটি সময় কাজে লাগানোর চেষ্টা করেছেন। কমলাপুরে গতকাল শেষ হওয়া অনুশীলনে কোচ জেমি ডে বুঝিয়ে দিয়েছেন তারা যেন ক্লাব ফুটবলে পরামর্শ বা উপদেশ মেনে চলেন। নির্দেশনা দিয়েছেন ফিটনেস রাখতে হলে কি কি করতে হবে। অন্যান্য কোচদের মত জেমি ডে সব সময় আফসোস করে আসছিলেন যে, জাতীয় দলের ক্যাম্পে যেটা শেখানো হয় সেটা ক্লাব ফুটবলে অনুসরণ করতে পারেন না খেলোয়াড়রা। জাতীয় দলের ক্যাম্পে প্রশিক্ষণ হয় একরকম আর ক্লাব ফুটবলে গেলে হয় আরেক রকম। দুটি ভিন্ন প্রথার সঙ্গে মানিয়ে চলাটা কঠিন হলেও খেলোয়াড়রা ক্লাব ফুটবলে গেলে ক্লাবের কথাই বেশি শোনেন। কারণ সেখানে পারিশ্রমিক পান। জেমি ডে নির্দেশনা দিয়েছেন সামনে খেলা রয়েছে। ক্যারিয়ার উজ্জল করতে হলে, জাতীয় দলে খেলতে হলে শৃংখলা মেনে চলতে হবে। অনুশীলন, অনুশীলন পদ্ধতি, নিজের উদ্যোগে বাড়তি অনুশীলন, প্রয়োজনীয় বিশ্রাম, খাদ্য গ্রহনসহ যা কিছু আছে তা যেন একটা নিয়মের মধ্যে হয়। এমন উপদেশ মেনে চলার নির্দেশনা দিয়েছেন জেমি ডে।

ফেডারেশন কাপ ফুটবলের মাঝে ৫ দিন বিরতি ছিল। সেই সময়টা কাজে লাগিয়েছেন কোচ। মার্চে বাহারাইনে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের খেলা রয়েছে। বাংলাদেশের প্রতিপক্ষ বাহারাইন, শ্রীলঙ্কা এবং ফিলিস্তিন। এই বয়সের খেলোয়াড়দের নিয়ে কয়েক দিন অনুশীলন করিয়েছেন কোচ। ফেডারেশন কাপ ফুটবলের খেলা দেখে ২৫ জনকে ডেকে ছিলেন জেমি। যার মধ্যে জেমির বিদ্যালয়ে নতুনরা হলেন বসুন্ধরা কিংসের সোহান, শেখ জামালের মনির, নাইম, সাইফ স্পোর্টিং ক্লাবের স্বাধীন, আল আমিন, ইয়াসিন আরাফাত, পাপ্পু রাফি। আরামবাগের রকিব, আরিফ, মাসুদ, সুজন। মার্চের আগে যদি ফুটবল ক্যাম্প না হয় তাহলে ধরে নেয়া যায় ফেব্রুয়ারির আগে জাতীয় দলের ক্যাম্প হচ্ছে না।