শাবিতে পররাষ্ট্রমন্ত্রী
শাবি সংবাদদাতা
দেশের প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট। আর এটা হলে সিলেট সিটির যে কোনো জায়গা হতে যে কেউ ওয়াইফাই ব্যবহার করতে পারবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের অধিভুক্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশে এখন আর আগের মতো মঙ্গা নাই। আমরা এখন উন্নয়নশীল দেশের কাতারে। আমাদের দেশের ৯৪ ভাগ মানুষ স্যানিটেশন ব্যবহার করে যেটা স্যানিটেশন ব্যবহারের দিক দিয়ে বিশ্বে ছয়টি দেশের মধ্যে একটি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শাবি ভিসি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদের জন্য ‘স্বাস্থ্যবীমা’ চালু করতে যাচ্ছে। এসময় তিনি শাবিকে ‘ধূমপান ও মাদকমুক্ত’ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করেন। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইলিয়াসউদ্দিন বিশ্বাস, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ শামসুল হক প্রধান, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সদস্য সচিব অধ্যাপক জহিরউদ্দিন আহমেদ প্রমুখ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।