নিখোঁজ হওয়ার ৪দিন পর আজ বৃহস্পতিবার বিকেলে তামাসুন তানিয়া চমকের (২১) লাশ উদ্ধার করে সুধারাম মডেল থানার পুলিশ। জেলা শহর মাইজদীর পৌর বাজার মসজিদ সংলগ্ন নিজ বাসার পাশের একটি ডোবা থেকে পুলিশ চমকের লাশ উদ্ধার করে।
চমক নোয়াখালী পৌরসভার সোনাপুর ডিগ্রি কলেজের অনার্স ৩য় বর্ষ হিসাব বিজ্ঞান শাখার ছাত্রী। সে শহরের পূর্ব জয় কৃষ্ণরামপুরের এনামুল হক হিমেলের মেয়ে। ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দহে তাপস নামের তার এক সহপাঠিকে আটক করে পুলিশ। এ হত্যাকান্ডের ঘটনা শহরের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাশ দেখতে ঘটনাস্থলে কয়েকশত মানুষের ভিড় জমে।
এদিকে গত তিন দিন ধরে পুলিশ, র্যাব ও চমকের অভিভাবকরা চমকের খোঁজ করে আসছিল। আজ এক কাজের বুয়া চমকদের বাসার পাশের ডোবায় ময়লা ফেলতে গিযে তার গায়ের জামা কাপড় ভাসতে দেখে তার মাকে জানায়। পরে পুলিশ ও র্যাব এসে ওই স্থানে পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করে।
এ ঘটনা নিশ্চিত করে সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিকেলে চমকের এক সহপাঠী তাপসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মোবাইল ফোনে চমককে ডেকেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কে জড়িত সে বিষয়ে জোর তদন্ত চলছে। লাশের ময়না তদন্তের পর হত্যাকাণ্ডের মোটিভ জানা যাবে।
ইত্তেফাক/নূহু