রাউজানে মহামুনি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন, দেশাত্মবোধ গান ও নৃত্যের মাধ্যমে উদ্বোধন হলো রাউজানের প্রাচীনতম বিদ্যানিকেতন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের এবং দেওয়ানপুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক শেখর ঘোষের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা নাসরিন আকতার। বিদ্যালয়ের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে ৮টি বিভাগে ৫৬টি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অন্যদিকে, একই সময়ে দেওয়ানপুর এস.কে. সেন স্কুল এন্ড কলেজের মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ।

সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুরের পরিচালনায় বিভিন্ন বিভাগে ৬৬ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।