প্রথম ইনিংসে রান চান চান্দিমাল

স্পোর্টস রিপোর্টার

এশিয়ার প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সিরিজ জিতেছে ভারত। এশিয়ার আরেকটি দেশ শ্রীলঙ্কা তখন ব্যস্ত ছিলো পাশেই নিউজিল্যান্ডে। এবার তারাও অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে অভিযান শুরু করছে। এই অভিযানে ভালো করতে গেলে ব্যাটসম্যানদের নিয়মিত তিনশ’ রান করতে পারতে হবে বলে বলেছেন শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল। আজই হোবার্টে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একমাত্র অনুশীলন ম্যাচ শুরু করছে শ্রীলঙ্কা। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে তারা। ২৪ তারিখ ব্রিসবেনে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ফেব্রুয়ারির ১ তারিখ থেকে ক্যানাবেরায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে শ্রীলঙ্কার টেস্ট ইতিহাস একেবারেই বলার মতো কিছু নয়। এই দেশে তারা ১৩টি টেস্ট খেলেছে। এর মধ্যে ১১টি পরাজয়ের বিপক্ষে দুটি মাত্র ড্র পেয়েছে তারা; এখন পর্যন্ত কোনো ম্যাচ জিতে পারেনি। এই ১৩ টেস্টে মাত্র চারবার শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে তিনশ’ রান পার করতে পেরেছে।

দিনেশ চান্দিমাল মনে করেন, তাদের বোলিং আক্রমণ যথেষ্ট ভালো। ব্যাটসম্যানরা যদি এই তিনশ’ রানের গণ্ডিটা পার করতে পারেন, তাহলে গ্যাবাতেই তারা ভালো ফল পেতে পারেন। গ্যাবায় দিবা-রাত্রির টেস্ট খেলবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। তার প্রস্তুতি হিসেবে হোবার্টেও গোলাপী বলের ম্যাচ খেলবে সফরকারীরা। সেই ম্যাচের আগে চান্দিমাল বলছিলেন, ‘ওটাই (ব্যাটিং) আমাদের উন্নতি করার একটা বড় জায়গা। আমরা নিউজিল্যান্ডে দুই টেস্টেই বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ভালো খেলেছি। আমরা এখন ব্যাটিং হোক আর বোলিং, শুরুটা ভালো করতে চাই। আমরা গত সিরিজ থেকে অনেক কিছু শিখেছি এবং আমাদের ক্রিকেটারদের কিছু পরিকল্পনা আছে। তারা মাঠে সেটা করতে পারলে আমরা ভালো একটা শুরু পাবো।’

চান্দিমাল বলছেন, তার বোলাররা এখন যে অবস্থায় আছেন, তাতে তাদের ওপর ভরসা করাই যায়, ‘আমাদের ফাস্ট বোলাররা বেশ ভালো অবস্থায় আসছি। আমরা এখন ৩০০ রান পার করতে পারলেই ব্যাটিং ইউনিট হিসেবে সেটা ভালো একটা কাজ হবে। ভারতের বোলিং খুব ভালো ছিলো। বিশেষ করে ৪০ থেকে ৮০ ওভারে তারা দারুণ করেছে। আর সেজন্যই তারা সিরিজ জিতে গেছে। আমরা একটা দল হিসেবে সেই কাজটাই করতে চাই।’

নিউজিল্যান্ড সফরে শ্রীলঙ্কা ওয়েলিংটনে প্রথম ইনিংসে করেছিলো ২৮২। জবাবে নিউজিল্যান্ড ৫৭৮ রান করেছিলো। এরপর ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডকে ১৭৮ রানে অলআউট করলেও নিজেরা ১০৪ রানে অলআউট হয়েছিলো। কিন্তু দুই টেস্টেই পরের ইনিংসে ভালো করেছিলো শ্রীলঙ্কা। বিশেষ করে ওয়েলিংটনে কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুস চতুর্থদিন সারাদিন ব্যাট করেছিনে। চান্দিমাল নিজে ক্রাইস্টচার্চে ২২৮ বল খেলেছিলেন দ্বিতীয় ইনিংসে।

অস্ট্রেলিয়াতে শ্রীলঙ্কা অবশ্য ম্যাথুসকে পাবে না। তিনি আবারও হ্যামাস্ট্রিংয়ের চোটে খেলার বাইরে চলে গেছেন। তার অভাব সম্পর্কে চান্দিমাল বলছিলেন, ‘আমরা সবাই জানি, অ্যাঞ্জেলো এই জায়গায় কতোটা ভালো। আমরা অবশ্যই তাকে মিস করবো। গত সিরিজে সে অসাধারণ করেছে। আর তার অনেক অভিজ্ঞতা আছে। তবে এটা তরুণ তারকাদের জ্বলে ওঠার দারুণ একটা সুযোগ। আপনি যদি অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করতে পারেন, সেটা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার রসদ জোগাবে।’