স্পোর্টস ডেস্ক
রজার ফেদেরার টানা ২০তম বছরে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে সপ্তমবারের মতো টুর্নামেন্টটির শিরোপা জয়ের পথে রয়েছেন। তৃতীয় রাউন্ডে উঠেছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল। নিরাপদে পরের রাউন্ডে গেছেন নারী এককের শিরোপাধারী ক্যারোলিন ওজনিয়াকিও।
অস্ট্রেলিয়ান ওপেনে গতকাল বুধবার বড় খেলোয়াড়দের মধ্যে পরের রাউন্ডে গেছেন দ্বিতীয় বাছাই অ্যাঞ্জেলিক কেরবার, সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্লোয়ানে স্টিফেন্স।
সুইস ফেদেরারের বয়স এখন ৩৭। কিন্তু কাল বাছাই থেকে আসা বৃটিশ ড্যান ইভান্সের বিরুদ্ধে যেভাবে লড়ে গেলেন তাতে বয়সের ছাপ বোঝা যায়নি। ইভান্সকে অবশ্য গতবছরের উইম্বলডনেও হারিয়েছিলেন তিনি। তবে এদিন জয় অতটা সহজ ছিল না। তারপরও জয় বলে কথা।
যদিও তা ছিল ৭-৬ (৭/৫), ৭-৬ (৭/৩), ৬-৩ গেমে পাওয়া এবং এর সুবাদে টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সম্ভাবনা বাড়ছে ফেদেরারের। জিতলে তা হবে টেনিসের সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়ের ২১তম গ্র্যান্ড স্ল্যাম। খেলা শেষে তিনি বিপক্ষের প্রশংসায় বলেন,‘আমি মনে করি সে ভালো খেলোয়াড়। কয়েক বছর ধরেই আমি তাকে বেশ ভালো টেনিস খেলতে দেখেছি। আমি বুঝতে পারি কেন সে খেলোয়াড়দের বেগ দেয়।’
তৃতীয় রাউন্ডে ফেদেরারের প্রতিপক্ষ আমেরিকান টেলর ফ্রিটজ। টেলর ফরাসি গায়েল মনফিলসকে হারান।
নাদাল অস্ট্রেলিয়ান ওপেনে তার দুরন্ত সূচনা অব্যাহত রেখে গতকাল স্বাগতিকদের ফেবারিট ম্যাথু এবডেনকে ৬-৩, ৬-২ ও ৬-২ গেমে হারান। রড লেভার অ্যারিনায় ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত খেলাটিতে তার ভয়ঙ্কর ফোরহ্যান্ড শটগুলো ব্যবহার করে জয়টিকে অনায়াস করে তোলেন।
স্প্যানিশ এই তারকা ২০০৯ সালের পর আর অস্ট্রেলিয়ান ওপেন জেতেননি। যদিও সেবারের পর আরো তিনটি ফাইনাল খেলে হেরেছেন। এবার ইনজুরি সারিয়ে খেলতে আসা নাদালকে নিয়ে প্রতিযোগিতা শুরুর আগে সংশয় থাকলেও গত দুই খেলায় কোনো গেমে হারেননি তিনি।
বর্তমান চ্যাম্পিয়ন ওজনিয়াকি রিউমেটিক আর্থাইটিস নিয়ে খেলেও সুইডেনের জোহানা লারসনকে ৬-১, ৬-৩ গেমে হারান। এ জয়ে ডেনমার্কের মেয়েটি ২০১৩ সালে ভিক্টরিয়া অ্যাজারেঙ্কার পর প্রথম নারী হিসেবে শিরোপা ধরে রাখার সম্ভাবনা উজ্জ্বল করেছেন। আসন্ন লড়াইয়ে জিতলে ওজনিয়াকির পরবর্তী লড়াই হতে পারে মারিয়া শারাপোভার সঙ্গে।
এদিকে শারাপোভা গত রাতে নিজের খেলায় ৬-২ ও ৬-১ গেমে রেবেকা পিটারসনকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন।