পাকিস্তানে ‘মান্টো’ প্রদর্শনে নিষেধাজ্ঞা

এনডিটিভি

নন্দিতা দাস পরিচালিত চলচ্চিত্র ‘মান্টো’ প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। তবে ভারতীয় এ চলচ্চিত্র প্রদর্শনীর আপত্তির মধ্যেই আরেকটি ভারতীয় ছবি প্রদর্শনের জন্য ছাড়পত্র দিয়েছে পাকিস্তানের সেন্সর বোর্ড। অনুপম খের অভিনীত ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ পাকিস্তানে মুক্তি পাচ্ছে ১৮ জানুয়ারি। যদিও নন্দিতা দাস পরিচালিত ‘মান্টো’ চলচ্চিত্রের প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

এদিকে সোমবার লাহোর, করাচি, পেশোয়ার এবং মুলতানের রাস্তায় নেমে মানুষ এই চলচ্চিত্র প্রদর্শনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। ‘মান্টো’ না প্রদর্শনের সিদ্ধান্তের বিরুদ্ধে পাকিস্তানি সাংবাদিক থেকে শুরু করে প্রতিবাদ জানিয়েছেন লেখক-শিল্পীরাও। এ খবর জেনে অভিভূত হয়ে ‘মান্টো’র পরিচালক নন্দিতা দাস টুইটারে লিখেছেন, মান্টো নিয়ে পাকিস্তানের নিষেধাজ্ঞায় যারা পথে নেমে আপত্তি জানিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আমি আছি আপনাদের সঙ্গে। ‘মান্টো’র পুরো দলও আছে। আরেক টুইটে নন্দিতা লিখেছেন, ফয়েজ আহমেদ ফয়েজের মেয়ে এবং শিল্পী সালিমা হাশমিসহ আরও অনেকে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।

উল্লেখ্য, উর্দু ভাষার লেখক সাদাত হাসান মান্টোর ‘বিতর্কিত’ জীবনে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন নন্দিতা দাস। চার মাস আগে ছবিটি ভারতে মুক্তি পায়। এছাড়া এই ভারতীয় ছবি গত বছর ৭১তম কান ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে।