পাবনার ঈশ্বরদীতে স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালিয়েছে প্রবাসী স্বামী। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে স্বামীর ওপর অভিমান করে আড়ের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ।
নিহত রেবেকা শাহিন রত্না (৩২) শহরের রহিমপুর খলিলের মোড় এলাকার মৃত আব্দুস সামাদ মজনুর মেয়ে ও প্রবাসী আব্দুল কুদ্দুসের স্ত্রী। তাদের রুম্মান খান নামের পাঁচ বছরের ছেলে সন্তান রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রত্নার স্বামী আব্দুল কুদ্দুস সৌদি প্রবাসী। দীর্ঘদিন পর কয়েকদিন আগেই দেশে ফিরেছেন। বিকেলে শিশু সন্তান রুম্মানকে (নিহত গৃহবধূর ছেলে) কোনো কারণে মা রত্না চড়-থাপ্পর দেন। সন্তানকে মারধরের কারণে স্বামী কুদ্দুস স্ত্রী রত্নাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এতে স্বামীর উপর অভিমান করে শোয়ার ঘরের আড়ের সাথে ফাঁস নেন রত্না।
আরো পড়ুন: যৌনতার বিনিময়ে ম্যাজিস্ট্রেট নিয়োগ
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিলা মোস্তফা জানান, গলায় ফাঁস নেওয়া গৃহবধূকে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যুবরণ করেছেন।
এদিকে স্ত্রীর মৃত্যুর খরব শোনার পর থেকেই স্বামী আব্দুল কুদ্দুসকে আর হাসপাতাল প্রাঙ্গণে দেখা যায়নি। এমনকি অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। স্বামী পলাতক রয়েছে। লাশ উদ্ধারসহ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইত্তেফাক/অনি