সপ্তাহের চতুর্থ কার্যদিবসে গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ২৪ পয়েন্ট। বেশ কিছুদিন টানা শেয়ারের দাম বৃদ্ধির পর সূচক কিছুটা কমলো। বাজার সংশ্লিষ্টরা বলছেন, কয়েক দিনের মূল্য বৃদ্ধির মাধ্যমে অনেকেই শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন। তাই বিক্রির চাপে সূচক কিছুটা নিম্বমুখী হয়েছে। এই অবস্থাকে অনেকেই বাজার সংশোধন বলে মনে করছেন। অবশ্য গতকাল ব্যাংক, প্রকৌশল, বস্ত্র ও আর্থিক খাতের শেয়ারের দাম কমলেও বীমাখাতের শেয়ারে দাম বাড়ায় বড় ধরনের দরপতন হয়নি। সূচক কমলেও দর বৃদ্ধির শীর্ষে ছিল, ইস্টার্ন ইন্সুরেন্স, কর্ণফুলী ইন্সুরেন্স, তাক্কাফুল ইন্সুরেন্স, অগ্রনী ইন্সুরেন্স, ইউনাইটেড ইন্সুরেন্স, রূপালি ইন্সুরেন্স।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪৫ টি কোমপানির ২৫ কোটি ৬১ লাখ ৫২ হাজার ৮৮৩ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ১ হাজার কোটি ৫২ লাখ টাকা। সূচকের সঙ্গে সঙ্গে ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে প্রায় ১৩৯ কোটি টাকার। গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৩ দশমিক ৭৯ পয়েন্ট কমে ৫৮৩৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১১ দশমিক ৮১ পয়েন্ট কমে ২০১৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৭ দশমিক ৯১ পয়েন্ট কমে ১৩২২ দশমিক ৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৩ টির, কমেছে ১৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।
ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো, কেপিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ঢাকা ব্যাংক লি., জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পো., ফার্মা এইড, অগ্রণী ইন্সু. ও বিবিএস কেবলস।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- নিটল ইন্সু., এমএল ডাইং, মেঘনা কন্ডেন্সড মিল্ক, ইমাম বাটন, জেএমআই সিরিঞ্জ, গোল্ডেন সন, কাট্টাল টেক্সটাইল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, উসমানিয়া গ্লাস ফ্যাক্টরি ও ফিনিক্স ইন্সু.।
অন্যদিকে দেশের অপর পূঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯০০ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নিয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৫৩টির। আর অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।