গেল বছর ২০১৮ সালে জার্মানির অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে দেড় শতাংশ। ২০১৩ সালের পর এটাই সবচেয়ে কম প্রবৃদ্ধি দেশটির। বিবিসির সংবাদ অনুযায়ী, ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশটিতে বিশ্ব অর্থনীতির দুর্বল অবস্থা, গাড়ির ব্যবসা কমে যাওয়ায় মূলত প্রভাব পড়েছে। শহরের পরিবেশ দূষণ কমিয়ে আনতে জ্বালানি চালিত গাড়ি উত্পাদন কমিয়েছে দেশটি। ২০১৮ সালে দেশটির জিডিপিতে ১ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির আশা করা হয়েছিল। ২০১৭ সালেও দেশটিতে ২ দশমিক ২ ভাগ প্রবৃদ্ধি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে জার্মানি গুরুত্বপূর্ণ দেশ। কিন্তু দেশটির রপ্তানির আদেশ গেল ৬ বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন, চীন-মার্কিন বণিজ্যযুদ্ধের প্রভাব জার্মানির অর্থনীতিতেও পড়েছে। অবশ্য দেশটির প্রবৃদ্ধির গতি কমে আসলেও বেকারত্বের হার বর্তমানে সর্বনিম্ন রয়েছে।