ইত্তেফাক রিপোর্ট
কয়েক দশক ধরেই এশিয়ার উন্নয়ন পরিমাপে ‘গ্রোথ মডেল’ সফলতার সঙ্গে ব্যবহূত হয়েছে। কিন্তু এর পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করেন বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক। উন্নয়ন পরিমাপকের জন্য ব্যবহূত মডেলটিতে ম্যানুফ্যাকচারিং খাতকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়। কিন্তু এর সঙ্গে অন্তর্ভুক্তি, দক্ষতা, উচ্চ দক্ষতার বিষয়গুলো সেভাবে উঠে আসে না। সিনহুয়ার সংবাদ অনুযায়ী সম্প্রতি হংকং এ অনুষ্ঠিত এশিয়ান ফিন্যান্সিয়াল ফোরামে জোয়েলিক এ মন্তব্য করেন। তারমতে অর্থনীতিকে এখন ভিন্ন বিষয়ে দৃষ্টি দিতে হবে। এশিয়ার অর্থনীতি অনেক পরিবর্তিত হয়েছে। আন্ত সীমান্ত বাণিজ্য সম্প্রসারিত হয়েছে। সাপ্লাই চেইনে নতুন নতুন অনেক বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। বাণিজ্য সুবিধা, পরিবেশত প্রভাব, পণ্যের মান, নিয়মকানুনগুলো কাঠামোগত উন্নয়নে অন্তর্ভুক্ত করতে হবে। এজন্য গতানুগতিক বাণিজ্য নীতি নয়, আধুনিক চিন্তাধারা থেকে নীতি নির্ধারকদের এগিয়ে আসতে হবে।