ওজন ও কারচুপির অপরাধে ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা

ইত্তেফাক রিপোর্ট

পণ্যের মান, ওজনসহ বিভিন্ন উপায়ে দেশব্যাপী ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর কারসাজির বিরুদ্ধে এবার সরব হচ্ছে মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাংলাদেশ স্ট্রান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। গতকাল বুধবার রাজধানীর গুলিস্তান ও পুরনো ঢাকার কিছু মার্কেটে অভিযান চালিয়ে এরকম বেশকিছু অনিয়ম ও কারসাজি উদ্ঘাটন করেছে। এসব অপরাধে ৫ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে বিএসটিআই। রাজধানীর মৌলভীবাজার ও গুলিস্তান এলাকায় বিএসটিআই’র পরিদর্শক দল এসব অপরাধ শনাক্ত করে। অভিযুক্ত ৫টি প্রতিষ্ঠানের মধ্যে মৌলভীবাজার এলাকার মোস্তফা এন্টারপ্রাইজ প্যাকেটজাত পণ্যের লেবেলে ওজন ও মূল্য উল্লেখ না করে পণ্য বিপণন করে আসছিল। একই এলাকার ডিজিটাল স্কেল বিক্রয়কারী প্রতিষ্ঠান ডিজিটাল এন্টারপ্রাইজ বিএসটিআই’র সরবরাহকারী সনদ গ্রহণ না করে ডিজিটাল স্কেল বিক্রয় করায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

এছাড়াও গুলিস্তান এলাকার রেলওয়ে সুপার মার্কেটে মেসার্স কাকলী বস্ত্র বিতান, মেসার্স খান ব্রাদার্স ও মেসার্স এ কে ট্রেডার্সের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়। বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. রেজাউল করিমের নেতৃত্বে চার সদস্যের পরিদর্শকদল ওই কার্যক্রমে অংশ নেন। বিএসটিআই সূত্র জানিয়েছে, এখন থেকে নিয়মিত বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চলমান থাকবে।