হুয়াওয়ে চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করছে না বলে জানিয়েছেন বৃহত্তম প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান নির্বাহী রেন ঝেংফেই। এমনকি চীনা সরকার থেকে বিশেষ অনুরোধ এলেও হুয়াওয়ে কখনই তাদের গ্রাহকদের তথ্য প্রদান করবে না। ১৫ জানুয়ারি চীনের শেনজেনে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গত কয়েকদিন ধরে নিরাপত্তার অভিযোগে হুয়াওয়ের ওপর যে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে তার প্রেক্ষিতে রেন এই বিবৃতি দিয়েছেন।
রেন বলেন, হুয়াওয়ের নেটওয়ার্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রে চীন সরকার গুপ্তচরবৃত্তি চালাচ্ছে- যুক্তরাষ্ট্রের এমন সন্দেহ সত্য নয়। তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে আরো জানান, বর্তমান সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও গ্রাহকদের ক্ষতি হয় এমন কোনো কাজ তিনি করবেন না এবং সেটা তার নিজের পার্টি বললেও না। গ্রাহকদের সাইবার সিকিউরিটি এবং প্রাইভেসি সুরক্ষার ব্যাপারে সবসময় আমরা তাদের পাশে আছি। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমরা কখনই কোনো জাতি অথবা ব্যক্তির ক্ষতি হয় এমন কিছু করব না। রেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেন, ব্যক্তিগতভাবে আমি এখনও বিশ্বাস করি ট্রাম্প একজন অসাধারণ প্রেসিডেন্ট। কর নীতির প্রশ্নে তার অবস্থান অনেক শক্তিশালী ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পোন্নয়নে তার এই অবস্থান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। — প্রেস বিজ্ঞপ্তি