ভোগান্তিতে দুই ইউনিয়নবাসী
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর-বেলুয়া ভায়া মাদারজানী সড়কটির কুমুল্লী অংশে ঝিনাই নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। ফলে আলমনগর ও হেমনগর ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত ও পণ্য পরিবহনে নিদারুণ ভোগান্তির স্বীকার হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে।
জানা যায়, আলমনগর বোর্ড অফিস হতে বেলুয়া পর্যন্ত সড়কটি দিয়ে হেমনগর ও আলমনগর ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করে। এ দুই ইউনিয়নের উত্পাদিত কৃষিপণ্য এ সড়কেই পরিবহন করা হয়। আশপাশে দুটি হাইস্কুল, তিনটি প্রাইমারি স্কুল ও একটি কলেজের শত শত শিক্ষার্থী এ পথে যাতায়াত করে। কিন্তু সড়কের কুমুল্লী অংশে নদী ভাঙন দেখা দিয়েছে। ঝিনাই নদীর ভাঙনে এ সড়কের উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যেই নদীগর্ভে নিমজ্জিত হয়েছে। ফলে দুর্ভোগ বাড়ছে।
আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে জানান, রাস্তাটি রক্ষায় দ্রুত নদী ভাঙন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।