তানোর (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর তানোরে সারের গোডাউনে আগুন লেগে অর্ধলাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা বাজারে মেসার্স সৌরভ ট্রেডার্সে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দরগাডাঙ্গা বাজারে অবস্থিত মেসার্স সৌরভ ট্রেডার্সের সারের গোডাউনে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘর মালিক সিরাজুল তালাবন্ধ গোডাউন ঘরটি খুললে দেখতে পান ঘরের ভেতর থেকে আটকানো আছে। পরে ঘরের পেছন ছাদের টিন ভেঙে আধঘণ্টা ধরে পানি দিয়ে আগুন নেভানো হয়।
সার গোডাউনের মালিক সিরাজুল ইসলাম বলেন, আমার সার গোডাউন ঘরের পেছন দিয়ে প্রবেশ করে গোডাউনে আগুন দেয়া হয়েছে। এটা পূর্ব পরিকল্পিত ঘটনা। এতে আমার প্রায় অর্ধলাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। এর আগেও আমার সারের দোকানে সিঁধ কেটে লক্ষাধিক টাকার মালামাল চুরি করা হয়েছিল। কলমা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল হক মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন দ্রুত নেভানোয় সহযোগিতা করি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।