উজিরপুর (বরিশাল) সংবাদদাতা:
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর নামকস্থানে বুধবার বিকেলে যাত্রীবাহি মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ১২জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুটি যানের চালক ও যাত্রীসহ ৭ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে প্রাথমিকভাবে যাদের পরিচয় জানা গেছে তারা হলেন, মাইক্রোবাস চালক নয়ন, ইজিবাইক চালক উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের হুমায়ন হাওলাদার, মাইক্রোবাসের যাত্রী পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পুতুল, হানিফ , বাউফল উপজেলার মো: জালাল, তার পুত্র মোস্তাকিন, শ্বাশুড়ি মাকসুদা বেগম, ঝালকাঠীর সদর উপজেলার আশিয়ার এলাকার সূচনা ও গৌরনদী উপজেলার জাহাঙ্গীর সরদারসহ আরও কয়েকজন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে উক্ত স্থান অতিক্রমকালে প্রায় ১০ জন যাত্রী নিয়ে বরিশালগামী দ্রুতগতির মাইক্রোবাস (ফরিদপুর-ছ-১১-০০১০) ও অপর প্রান্তগামী একটি খালি ব্যাটারি চালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে যান দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে যান দুটির চালকসহ অন্তত ১২ জন আহত হয়।