মুজিবনগরে সংবাদ সম্মেলনে প্রার্থিতা ঘোষণা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বাগোয়ান ইউনিয়ন চেয়ারম্যান আয়ুব হোসেন। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুজিবনগর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি আয়ুব হোসেন বুধবার মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের সূর্যোদয় মিলনায়তনে মুজিবনগর উন্নয়ন সংগ্রাম পরিষদের ব্যানারে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোমিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন তিনি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণার পাশাপাশি মুজিবনগরের উন্নয়নে ৯ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো- বাগোয়ান ই্উনিয়ন পরিষদকে মুজিবনগর পৌরসভায় রুপান্তরিত করা, মুজিবনগরে চেক পোস্ট স্থাপনা করা, মন্ত্রী পরিষদের প্রথম বৈঠক মুজিবনগরে করা, কৃষি বিশ্ব বিদ্যালয় স্থাপন করা, কৃষি ভিত্তিক শিল্প কারখানা স্থাপন করা, শেখ হাসিনা নামে মুজিবনগরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা, মুজিবনগরের অবকাঠামোগত উন্নয়ন করা এবং  মেহেরপুর জেলাকে ন্যাশনাল সার্ভিসের আওতায় আনা।