বেড়ায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সরব নিশ্চুপ বিএনপি

বেড়া (পাবনা) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বেড়া উপজেলায় শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ব্যাপক তোড়জোড়। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে এরই মধ্যে শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের তদবির ও দৌড়ঝাঁপ। তবে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সরব হলেও বিএনপির মধ্যে নেই কোনো উত্সাহ-উদ্দীপনা। উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে এবার যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ২০০৯ সালের উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আফজাল হোসেন, বেড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ দুলাল, হাটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান এএম রফিকুল্লাহ, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর, গোলাম সরওয়ার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ প্রমুখ। চেয়ারম্যান পদের সাথে সাথে ভাইস চেয়ারম্যান পদেও নাম শোনা যাচ্ছে অনেকের। এর মধ্যে রয়েছে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শামা মোল্লা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, বেড়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য জাহিদুল ইসলাম লিটন, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম, বেড়া উপজেলা মুক্তিযোদ্ধা শাখা প্রজন্ম লীগের সদস্য সচিব শওকত হোসেন প্রমুখ।

এদিকে গত ৩ জানুয়ারি বেড়া পৌর আওয়ামী লীগ, বেড়া টাউন ক্লাব ও নাগরিক কমিটি বেড়া ফাউন্ডেশন যৌথ সভা করে। বেড়া টাউন ক্লাবে অনুষ্ঠিত ওই সভায় বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার জন্য সংগঠন তিনটির কর্মকর্তারা ঐকমত্যে পৌঁছান।

নজরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। সবসময়ই চেষ্টা করি মানুষের ভালো করার। উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারলে আমি মানুষের আরও সেবা করতে পারবো। এজন্য আমি এবার দলের কাছে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন চাচ্ছি।

অপরদিকে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিএনপি রয়েছে একেবারেই নিশ্চুপ। সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনের পর নানা কারণে দলের নেতাকর্মীরা মনোবল হারিয়ে অনেকটাই হতাশ। তাই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিএনপিতে এখনও কোনো উত্সাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে না। বেড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রইজউদ্দিন বলেন, উপজেলা নির্বাচন নিয়ে আমরা এখন কিছুই ভাবছি না। এ ব্যাপারে নেতাকর্মীদেরও তেমন আগ্রহ নেই। কেন্দ্র থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানালে সেই মোতাবেক আমরা ব্যবস্থা নেবো।