দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় কাবুল হোসেন নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত কাবুল হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের ভারত সীমান্ত সংলগ্ন মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের মৃত আব্দুল হানিফের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার নজু কারিগরের ছেলে নাজমুলকে দুইদিন আগে মাঠে ধানকাটা নিয়ে কাবুল হোসেন মারধর করে। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাজমুলের নেতৃত্বে লোকজন সংঘবদ্ধ হয়ে মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার রমজান মোল্ল­ার বাড়ির পেছনে কাবুল হোসেনকে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন কাবুল হোসেনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।