রাজশাহী জেলায় ভিটামিন ‘এ’ প্লাস
খাবে পৌনে তিন লাখ শিশু
স্টাফ রিপোর্টার, রাজশাহী আগামী ১৯ জানুয়ারি সারাদেশের ন্যায় রাজশাহী জেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে ভিটামিন খাওয়ানো শুরু হবে। রাজশাহী জেলার ৯টি উপজেলার ২ লাখ ৮৯ হাজার ৮৪৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার রাজশাহী জেলা সিভিল সার্জনের সভাকক্ষে অবহিতকরণ সভায় জেলা সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহা এ তথ্য জানান। তিনি বলেন, ৬ মাস থেকে ১১ মাস বয়সি ২৮ হাজার ২৯৯ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ২ লাখ ৬১ হাজার ৫৫০ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সি প্রতিটি শিশুকে নীল রংয়ের ভিটামিন ও ১২ মাস থেকে ৫৯ মান বয়সি প্রতিটি শিশুকে লাল রংয়ের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
গৌরীপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ২৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার পাবলিক হলে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সানাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমুখ।
অজ্ঞাত নারীর লাশের ময়না তদন্ত শেষে হত্যা মামলা রেকর্ড
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে আন্ধারিয়া বিলে একটি মাছের ঘের থেকে উদ্ধার অজ্ঞাত নারীর লাশের ময়না তদন্ত রিপোর্ট তিন মাস পর থানায় এসেছে। মামলার তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার এসআই শেখ আহমেদ কবির জানান, তার মাথায় আঘাত করে হত্যার পর পানিতে ফেলে দেয়া হয়। পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়ার পর অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার সন্দেহভাজন আসামি সুখদাড়া গ্রামের উত্তম কুমার রায় ও আনন্দো কুমার সরকার জেল হাজতে রয়েছে।
ইন্দুরকানিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পিরোজপুর অফিস ও ইন্দুরকানি সংবাদদাতা পিরোজপুরের ইন্দুরকানির পাড়েরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বুধবার বিকালে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়নমূলক দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাড়েরহাট আবাসন প্রকল্পসহ ওই ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে প্রতিবছরের মতো এবারও এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় জাতীয় পার্টি- জেপি নেতা এবং পাড়েরহাট ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার বাবুল, দুস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা মুক্তিযোদ্ধা এমএ রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, মো. কবির হোসেন, জাতীয় পার্টি-জেপির ইন্দুরকানি উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান রানা, জেপি নেতা ও মুক্তিযোদ্ধা মো. মোশারেফ হোসেন, জেপি নেতা মো. কাওসার আহম্মেদ দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে একই দিন দুপুরে সংস্থাটির উদ্যোগে পৃথকভাবে ইন্দুরকানি উপজেলার পত্তাশি ইউনিয়নে জাতীয় পার্টি- জেপি কার্যালয় প্রাঙ্গণে ওই ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ কাজে সংস্থার উপদেষ্টা, কর্মকর্তা ছাড়াও পত্তাশি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় প্রবীণ সমাজসেবীরা অংশ নেন। অন্যদিকে সকালে সংস্থাটির উদ্যোগে পৃথকভাবে উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ওই ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় বিতরণ কাজে সংস্থার উপদেষ্টা, কর্মকর্তারা ছাড়াও জেপি নেতা ও বালিপাড়া ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন বয়াতী, ইউপি সদস্য ও জেপি নেতা মো. শহিদুল ইসলাম, মো. মোস্তফা কামাল হাওলাদার, স্থানীয় জেপি নেতা মো. কবির হোসেন গাজী, মো. আল আমীন, জাতীয় পার্টি-জেপি মহিলা পার্টির বালিপাড়া ইউনিয়ন সভানেত্রী আমেনা বেগম প্রমুখ অংশ নেন।
ময়মনসিংহে দুই প্রতিমন্ত্রীর মতবিনিময়
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ মতবিনিময় করেছেন। বুধবার সকালে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের সভাপতিত্বে সভায় রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করায় জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।
তিন লক্ষাধিক শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে
ফরিদপুর প্রতিনিধি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি ফরিদপুরের ৯টি উপজেলায় মোট ৩ লাখ ২৮ হাজার ২৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার ফরিদপুর জেনারেল হাসপাতালের সভাকক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সাংবাদিকদের অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডা. মো. আবু জাহের এ তথ্য জানান। সভায় আরো বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. আফজাল হোসেন, ডা. হাফিজুর রহমান, সাংবাদিক জাহিদ রিপন, পান্না বালা, নির্মলেন্দু চক্রবর্তী শঙ্কর প্রমুখ।
ভোলায় জেলে পল্লীতে শীতবস্ত্র বিতরণ
ভোলা প্রতিনিধি ভোলায় অসহায় দুস্থ শীতার্ত জেলে পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। বুধবার ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনা নদী তীরবর্তী ভোলা খাল এলাকায় শতাধিক জেলে পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন ২৫ বিএনসিসি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ ও ভোলা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন ভোলা জেলায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে। এসময় উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম জাকারিয়া ও ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার মো. ইসরাফীল।
মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিখন কেন্দ্র পরিদর্শন
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা মঙ্গলবার বিকালে কাঠালিয়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় ও উপজেলা বহুমুখী জনকল্যাণ সংস্থার আয়োজনে মৌলিক সাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) শিখন কেন্দ্র পরিদর্শন করেছেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক। জেলা প্রশাসক মো. হামিদুল হক কাঠালিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের শিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সুবিমল চন্দ্র, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. ফারুক হোসেন খান প্রমুখ।
মহেশপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মঙ্গলবার রাতে মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান।
এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(কোটচাঁদপুর সার্কেল) মীর্জা সালাউদ্দিন, মহেশপুর থানার ওসি রাশেদুল আলম, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
পাবনা প্রতিনিধি আগামী ১৯ জানুয়ারি পাবনায় ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ৪২ হাজার ৯’শ ৯০ জন শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার ৪’শ ৪৭ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান হবে।
বুধবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) উপলক্ষে পাবনার সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. তোহাজ্জেল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আবু জাফর ও সিনিয়র সাংবাদিক আব্দুল মতীন খান প্রমুখ। কর্মশালায় প্রজেক্টর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. খাইরুল কবির ও নিউটিশন ইন্টারন্যাশনালের প্রতিনিধি সায়রা সোলায়মান।
নাগরপুরে কম্বল ও হুইলচেয়ার বিতরণ
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা বুধবার সকালে নাগরপুরে অসহায় দুস্থদের মাঝে কম্বল এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে প্রধান উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দুস্থদের মাঝে কম্বল ও ১০ জন শারীরিক প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।
লালপুরে শীতবস্ত্র বিতরণ
লালপুর (নাটোর) সংবাদদাতা বুধবার লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ৮ হাজার শীতবস্ত্র বিতরণ করেছে লালপুরের হাফিজ-নাজনীন ফাউন্ডেশন।
লালপুর সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, বিলমাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ, বিলমাড়ীয়া মডেল একাডেমি মাঠ ও দুড়দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থ, শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন কামরাঙ্গীর চর আওয়ামী লীগের সহ-সভাপতি ও লালপুরের আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান।
কালকিনিতে শীতবস্ত্র বিতরণ
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা কালকিনি উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৬ হাজার দরিদ্র পরিবারের মাঝে বুধবার শীতবস্ত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও স্থানীয় এমপি আবদুস সোবহান গোলাপ।
পৌর ভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, ইউএনও মো. আমিনুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনজীবী আবুল বাশার, মেয়র মো. এনায়েত হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লোকমান সরদার প্রমুখ।
মাদারীপুরে শীতবস্ত্র বিতরণ
মাদারীপুর প্রতিনিধি বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার আয়োজনে বুধবার শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামসুন্নাহার ভুইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমারাতুনন্নেছা। দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। এ ছাড়াও দুস্থদের মধ্যে কম্বল ও চাদর বিতরণ করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মো. মাকসুদুর রহমান, ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার খান প্রমুখ।
কালাইয়ে মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা নানা কর্মসূচির মধ্যে দিয়ে জয়পুরহাটের কালাইয়ে গণমুখী সাংবাদিকতার পথিকৃত্ ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী ও ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালক মণ্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী মাজেদা বেগমের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কালাই উপজেলার তফাজ্জল হোসেন মানিক মিয়া পরিষদের সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের কালাই উপজেলার সংবাদদাতা তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের নিজেস্ব উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বকুলের সভাপতিত্বে মাজেদা বেগমের জীবনী নিয়ে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহা. যোবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম, কালাই বেগুনগ্রাম ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মো. আবু তাহের, উপজেলার থুপসাড়া সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মতিয়র রহমান প্রমুখ। পরে আলোচনা শেষে মরহুমা মহীয়সী মাজেদা বেগমের রূহের মাগফিরাত এবং মরহুমার কনিষ্ট পুত্র ও জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক ইত্তেফাকের সকল কর্মকর্তা-কর্মচারীসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলার আতাহার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মাজেদ।
গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা গোমস্তাপুরে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশন (বিসিপিএ) এর উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সমপ্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সদস্য শহিদুল ইসলাম ও নজরুল ইসলামসহ বিভিন্ন কীটনাশক কোম্পানির প্রতিনিধিরা।
সারিয়াকান্দিতে নির্বাচনোত্তর মতবিনিময় সভা
বগুড়া অফিস সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান। সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অধ্যক্ষ মুনজিল আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।
শিক্ষামন্ত্রীর সঙ্গে ইবি প্রশাসনের সাক্ষাত্
ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষা গবেষণা, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে বেগবানসহ যাবতীয় বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন ভাইস-চ্যান্সেলর ড. রাশিদ আসকারী। বুধবার শিক্ষা মন্ত্রণালয় দপ্তরে এ সাক্ষাত্কার অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা। সৌজন্য সাক্ষাত্কালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম বেগবানসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। ইবি প্রশাসন এ সময় শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আহ্বান জানান।
জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কর্মশালা
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলকরণের লক্ষ্যে কুকুরকে টিকাদান কর্মসূচির উপর এক কর্মশালা বুধবার দেবীগঞ্জ হাসপাতাল হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাছিনুর রহমান কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে প্রাণিসম্পদ কর্মকর্তা, Mass dog vaccination (MDV) সুপারভাইজার মো. সামির হোসেন, সাংবাদিক জাকির হোসেন কবির প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টেকেরহাটে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা মাদারীপুরের রাজৈর উপজেলার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের টেকেরহাট শাখায় বুধবার কম্বল বিতরণ করা হয়। এ সময় চার শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ব্যাংকের টেকেরহাট শাখার ম্যানেজার মো. আ. ছামাদ বিশ্বাসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের মোস্তফাপুর শাখার এভিপি ও ম্যানেজার মো. ফারুক আহমেদ খান। অন্যান্যের মধ্যে টেকেরহাট বণিক সমিতির সদস্য ওয়াজেদ আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী সরদার, জাহাঙ্গীর হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে চন্দ্রপাড়া
পাক দরবার শরীফে ওরস সম্পন্ন
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহাসিক চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর শাহ্ সূফী “সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী নক্শবন্দী-মোজাদ্দেদী (রহ.) পীর কেবলাজানের বেছালত ও দুই দিনব্যাপী বার্ষিক ওরস বুধবার সম্পন্ন হয়েছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বাদ ফজর রওজা মোবারক জিয়ারত করে মুসলিম উম্মার সুখ-শান্তি ও উত্তরোত্তর সাফল্য কামনা করে এ ওরস শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন গদিনশিন পীর সৈয়দ কামরুজ্জামান (নক্শবন্দী- মোজাদ্দেদী আল ওরসী)।
সাঁতার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা জেলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নিকলী উপজেলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। মঙ্গলবার বিকালে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার সাঁতারুদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় নিকলী উপজেলার পুকুরে উপজেলার ৪০ জন সাঁতারু এই প্রশিক্ষণে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাটিবাংলা সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক কারার তোফায়েল। প্রশিক্ষণের সার্বিক আয়োজনে ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ।
নিকলীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
অবহিতকরণ সভা
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা নিকলী উপজেলায় ২০ হাজার ৫৪৯ শিশুকে আগামী ১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় ১৬৯ কেন্দ্র থেকে ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাপসুল দেওয়া হবে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সম্মেলন কক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আস আদ দীন মাহমুদের সভাপতিত্বে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মত্ শাহীনা আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনা আক্তার। অবহিতকরণ সভায় জানানো হয়, ছয় থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৪০ শিশুকে নীল রঙের এবং এক বছর থেকে পাঁচ বছর বয়সী ১৮ হাজার ৩০৯ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০১৯ গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিকালে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে অ্যাডভোকেট এসকেন্দার আজম বাবলু, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট সামছুল আলম, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম, যুগ্ম সম্পাদক ফৌজদারী শাখা অ্যাডভোকেট নুরুজ্জামান শাহীন, যুগ্ম সম্পাদক দেওয়ানী শাখা অ্যাডভোকেট শেখ গোলাম নবী শাহিন, হিসাব নিরীক্ষক অ্যাডভোকেট আনোয়ার জাহিদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট অমিত মিত্র, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট অজেদা সিদ্দীকা, গ্রন্থাগারিক অ্যাডভোকেট আইয়ুব হোসেন সুরুজ। নির্বাহী সদস্য ছয়টি পদে অ্যাডভোকেট আবু মুসা, অ্যাডভোকেট এবিএম তরিকুল ইসলাম তারা, অ্যাডভোকেট মশিয়ার রহমান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির, অ্যাডভোকেট মিতা খাতুন, অ্যাডভোকেট মির্জা হাফিজ নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনরের দায়িত্ব পালন করছেন সিনিয়র অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু। তার সহকারী ছিলেন অ্যাডভোকেট মেহেদী হাসান লিপন ও অ্যাডভোকেট রত্না পারভীন।
বরিশালে ফিটনেসবিহীন সাত যানবাহনকে জরিমানা
বরিশাল অফিস ফিটনেসবিহীন যানবহন রাস্তায় চলাচল করায় বরিশালে ৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরীর কাশীপুর সমবায় অফিসের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসময় বাস, টেম্পো ও মোটরসাইকেল মোট ৭টির ফিটনেস ত্রুটি থাকায় মোট ৩১০০ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ভূরুঙ্গামারীতে প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে বুধবার দুপুরে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় প্রেসক্লাব চত্বরে কম্বল বিতরণের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান। এ সময় ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষকলীগের পকেট কমিটি গঠনের অভিযোগ
কুমিল্লা প্রতিনিধি দাউদকান্দি উপজেলা কৃষকলীগের ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগে মঙ্গলবার সংবাদ সম্মেলন করা হয়েছে। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল করিম, যুগ্ম আহ্বায়ক শাহিন আলম দিপু, মো. দুলাল সর্দার, ওহাব সরকার প্রমুখ।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রেস ব্রিফিং
কুড়িগ্রাম প্রতিনিধি আগামী ১৯ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে সাংবাদিকদের সঙ্গে স্বাস্থ্য বিভাগের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন রেজিনা পারভীন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম প্রমুখ।
০