বেক্সিমকো ঢাকাকে ৯ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে শুভ সূচনা করলো গাজী গ্রুপ চট্টগ্রাম। লিটন দাশ আর সৌম্য সরকারের সাবলীল ব্যাটিংয়ে অনায়াসেই জয়ের দেখা পায় চট্টগ্রাম।
জয়ের জন্য ৮৯ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে ব্যাট করতে থাকেন চট্টগ্রামের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন কুমার দাশ ও সৌম্য সরকার। এমন সহজ লক্ষ্যকে তাড়া করতে নেমে কোন ধরনের ঝুঁকি নেননি তারা।
ঢাকার বোলার রুবেল হোসেন, আবু হায়দার রনি ও মুক্তার আলীকে পাত্তায় দেননি লিটন-সৌম্য। তবে জয়ের জন্য ১০ রান দুরে থাকতে ১০ম ওভারে নাসুম আহমেদের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় লিটন দাশকে। আউট হওয়ার আগে ৩৩ বলে ৩৪ রানের ইনিংস খেলেন লিটন। ৩ চার আর ১ ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস। লিটনের বিদায়ের পর মুমিনুলকে সঙ্গে নিয়ে ১০ দশমিক ৫ ওভারেই দলকে জয়ের স্বাদ এনে দেন সৌম্য।
সৌম্য অপরাজিত থেকে ২৯ বলে ৪৪ রানের এক অনবদ্য ইনিংস উপহার দেন দলকে। ৪টি চার আর ২টি ছক্কায় তার এই ইনিংস সাজানো ছিল। ওয়ানডাউনে নামা মুমিনুল হক ৩ বলে দুই চারে ৮ রান করে অপরাজিত থাকেন।
এরআগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকা মুশফিকের ঢাকা ধুকতে ধুকতে ১৬ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মোহাম্মদ নাইম। মুশফিক, সাব্বির, আবু হায়দার ও মেহেদী হোসেন রানা রানের খাতা খোলার আগেই আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এছাড়া আকবর আলী ও মুক্তার আলী ছাড়া কেউ দুই অংকের খাতা খুলতে পারেননি।
চট্টগ্রামের পক্ষে শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর:
বেক্সিমকো ঢাকা ৮৮/১০ (১৬.২ ওভার)
নাঈম ৪০, আকবর ১৫, মুক্তার ১২, নাসুম ৮, তানজিদ ২, দীপু ২;
মোসাদ্দেক ২/৯, শরিফুল ২/১০, মুস্তাফিজ ২/১৩, তাইজুল ২/৩২, সৌম্য ১/২, নাহিদুল ১/১৩।
গাজী গ্রুপ চট্টগ্রাম ৯০/১ (১০.৫ ওভার)
সৌম্য ৪৪*, লিটন ৩৪, মুমিনুল ৮*;
নাসুম ১/৫।
ইত্তেফাক/এসআই