মহীয়সী মাজেদা বেগমের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হলো দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী এবং ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী মাজেদা বেগমের ৩২তম মৃত্যুবার্ষিকী। সর্বজন শ্রদ্ধেয়া মাজেদা বেগমকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করলেন ইত্তেফাক পরিবারের প্রতিটি সদস্য। শুধু ইত্তেফাক কর্মীদের কাছেই নন, তিনি ছিলেন জনদরদী ব্যক্তিত্ব।

মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়। মরহুমার কনিষ্ঠ পুত্র সাবেক পানিসম্পদ মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর ধানমন্ডির বাসভবনে কোরআনখানি ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।

এর আগে মরহুমার আজিমপুরের মাজার প্রাঙ্গণে সকাল ৭টা থেকে কোরআনখানি ও পরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মাজেদা বেগমের দুই নাতি দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন ও পরিচালক রেজাউল আহসান ফাগুন। মিলাদ মাহফিল পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের কাজলাস্থ মসজিদের ইমাম মওলানা মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ও কর্মকতাবৃন্দ। দৈনিক ইত্তেফাকের তিন ইউনিয়নের নেতৃবৃন্দও দোয়া মাহফিলে অংশ নেন। এরা হলেন- দৈনিক ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির সভাপতি ও ডিইউজে ইত্তেফাক ইউনিট চিফ আবুল খায়ের, সম্পাদক আলমগীর হোসেন খান, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম আকতার, সাধারণ সম্পাদক আবু জাফর, দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজাম্মেল হক। আরো উপস্থিত ছিলেন ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার আজাদ। এছাড়াও দৈনিক ইত্তেফাকের কর্মকর্তা শহীদ হোসেন খান, রাজীব চৌধুরী, সার্কুলেশন বিভাগের আনিসুর রহমান, মোশাররফ হোসেন, শামসুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া মরহুমার জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখতারুন্নাহার বেবীর ধানমণ্ডির বাসভবনে বাদ এশা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।