হয়রানি বন্ধের দাবি ট্রাক মালিক সমিতির

বিশেষ প্রতিনিধি

ফেরিঘাট ও টোল প্লাজায় হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি। গতকাল বুধবার তেজগাঁও ট্রাক টার্মিনালে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বৈঠকে নেতৃবৃন্দ এ দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন মজুমদার।

সভায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী খান বলেন, সরকার এবং আমাদের প্রচেষ্টায় দেশে এখন ওভারলোড প্রায় বন্ধ হয়েছে এবং সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক-মহাসড়কগুলো এখন সুরক্ষিত। উন্নয়নশীল দেশের অগ্রযাত্রায় দেশে এখন ব্যবসা বাণিজ্যের প্রসার বহুগুণ বেড়েছে। তার সঙ্গে বেড়েছে আমদানি ও রপ্তানি পণ্য। সেই তুলনায় বেড়েছে পণ্যবাহী গাড়ির সংখ্যাও। অন্যদিকে ওভারলোড বন্ধ হওয়ার কারণে দেশে ট্রাক/ কাভার্ডভ্যানের চাহিদা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাই প্রতিনিয়ত আমদানি ও রপ্তানি পণ্য নিয়ে আগের চেয়ে বহুগুণ গাড়ি চট্টগ্রাম বন্দরসহ সকল বন্দরে যাতায়াত করছে। তার সঙ্গে বেড়েছে অতিরিক্ত গাড়ির চাপ। সড়ক-মহাসড়কের সর্বোত্তম ব্যবহার না হওয়া এবং কিছু কিছু ব্যবস্থাপনায় ধীর গতির কারণে সড়ক-মহাসড়কে এখন যানজট বেড়ে গিয়েছে। তিনি বলেন, দাউদকান্দি ও মেঘনা টোল প্লাজা ও ওয়েটস্কেলে ধীরগতিতে টোল আদায়, সীতাকুন্ড ওয়েটস্কেলে ধীরগতি গাড়ি পারাপার, ফেরি স্বল্পতা, চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন বন্দরে মালামাল উঠানামা ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও শ্রমিক না থাকা এবং বিভিন্ন বন্দরে লোড আনলোড ধীরগতি হওয়ার কারণে প্রায় ৬০ শতাংশ গাড়ি অব্যবহূত হচ্ছে। পাশাপাশি ফেরিঘাট ও টোল প্লাজায় নির্ধারিত চার্জের বেশি আদায় করছে একটি চক্র। তাই অতিসত্বর লোড আনলোডে ধীরগতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।