ইত্তেফাক রিপোর্ট
দুর্নীতি দূর করতে স্বাস্থ্য খাতের সব জায়গায় শুদ্ধি অভিযান চলবে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বিভিন্ন হাসপাতালের জন্য ক্রয় করা যন্ত্রপাতি শিগগির ব্যবহার করার পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ‘আগামী ১০০ দিনের কর্মসূচি’ নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের প্রধানসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আমরা এ বিষয়ে জানি। কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে একজনকে সাসপেন্ড করেছি, আস্তে আস্তে এই শুদ্ধি অভিযান সব জায়গায় হবে ইনশাআল্লাহ। যাতে ভালো পরিবেশ আপনারা পান। অল্প সময়ের মধ্যে তা দৃশ্যমান হবে।
মন্ত্রী জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উদযাপন করা হবে। মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকির প্রক্রিয়া চালু করতে বিশেষ করে যন্ত্রপাতি, জনবল কর্মক্ষেত্রে উপস্থিতি তদারকি করা হবে। তিনি বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজ সবচেয়ে বড় হাসপাতাল হবে। এটা হবে পাঁচ হাজার শয্যা বিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল। তিন মাসের মধ্যে এর ডিজাইনের কাজ শুরু হবে।