রাঙ্গামাটি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও তাদের সহযোগী সংগঠনের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্যসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গত ৮ জানুয়ারির নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল বুধবার থেকে ৪৮ ঘণ্টার জন্য বাঘাইছড়ি সড়ক ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। বাঘাইছড়ি উপজেলার সব হাট-বাজারও অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক দয়াসিন্ধু চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।
অবরোধের কারণে গতকাল সকাল থেকে উপজেলায় সড়ক ও নৌপথে সকল যানবাহন ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। দোকান পাট খুললেও বাজার বর্জনের কারণে কোনো পাহাড়ি বিক্রেতারা আসেনি। আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। গত ৪ জানুয়ারি উপজেলার বাবুপাড়ায় প্রভাত কুসুম চাকমার বাড়িতে জনসংহতি সমিতি (এমএনলারমা) দলের সদস্য বসু চাকমা নিহত হন। সেই ঘটনায় গত ৫ জানুয়ারি প্রভাত কুমার থানায় উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাসহ জনসংহতি সমিতি ও সমিতির সহযোগী সংগঠনের উপজেলা শাখার সদস্যসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেন। আগ্নেয়াস্ত্রসহ ঢুকে সন্ত্রাসীরা বসু চাকমাকে খুন করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।