বিডি নিউজ ২৪ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য আমানুল্লাহ কবীর আর নেই। তিনি গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..........রাজিউন)।
আমানুল্লাহ কবীর দীর্ঘদিন ধরে কিডনি, লিভার ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে তার মরদেহ প্রেস ক্লাব চত্বরে আনা হলে হূদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিকরা ছিলেন অশ্রু সজল। দ্বিতীয় দফায় নামাজে জানাজা শেষে আমানুল্লাহ কবীরকে জামালপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রায় সাড়ে চার দশকের সাংবাদিকতা জীবনে আমানুল্লাহ কবীর বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, আমার দেশ ও দিনকালের সম্পাদক, ইন্ডিপেনডেন্ট ও টেলিগ্রাফের নির্বাহী সম্পাদক, ডেইলি স্টার ও নিউনেশনে বার্তা সম্পাদক ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে বর্ষীয়ান সাংবাদিক আমানুল্লাহ কবীরের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।