কমলাপুর স্টেশনে নিয়ন্ত্রণ কক্ষে আগুন, ট্রেন সূচিতে বিপর্যয়

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গতকাল অগ্নিকা্লের ঘটনা ঘটেছে। এর ফলে রেলস্টেশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিজিটাল পদ্ধতিতে ট্রেন চলাচল ব্যবস্থা বন্ধ হয়ে যায়। অগ্নিকা্লের পর থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চলাচল করছে। ঘটনার পর পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস বিমানবন্দর রেলস্টেশনে থামিয়ে দেয়া হয়। কমলাপুর থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসসহ চারটি ট্রেন বিলম্বে ছেড়ে যায়। অগ্নিকা্লের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে অগ্নিকা্লের খবর পেয়ে খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ইউনিট দুইটি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রেল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে আগুন নিভিয়ে ফেলে।

অগ্নিকা্লের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। রেলমন্ত্রী বলেন, নিয়ন্ত্রণ কক্ষের কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলের কর্মকর্তারা আমাকে জানিয়েছেন রাতের মধ্যেই পুরো কার্যক্রম সচল করা সম্ভব হবে। স্থানীয়ভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, রেলস্টেশনের মূল ভবনের দোতালায় নিয়ন্ত্রণ কক্ষ (রিলে রুম) অবস্থিত। ডিজিটাল পদ্ধতিতে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ও আসার ট্রেনগুলো নিয়ন্ত্রণ করা হয়। রিলে রুমের পাশে আরেকটি কক্ষই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। সন্ধ্যা সাড়ে ৬টার পর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা রিলে রুম থেকে ধোঁয়া বের হতে দেখতে পান। রিলে রুমের ডিজিটাল সুইস বোর্ডগুলোতে আগুনের স্ফূলিঙ্গ দেখা যায়। নিয়ন্ত্রণ কক্ষে রক্ষিত অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলার চেস্টা করা হয়। ৪/৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।