খালেদা জিয়া অসুস্থ শুনানি হয়নি গ্যাটকো দুর্নীতি মামলার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের উপর গতকাল বুধবার শুনানি অনুষ্ঠিত হয়নি। আদালত আগামী ২৪ জানুয়ারি এ মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। বকশি বাজারের কারা অধিদফতরের মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন উভয় পক্ষের শুনানি নিয়ে নতুন এ দিন ধার্য করে দেন।

গ্যাটকো মামলায় গতকাল খালেদা জিয়াকে আদালতে হাজিরার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কারা কর্তৃপক্ষ আদালতে প্রতিবেদন দিয়ে জানায়, ‘উনি অসুস্থ। আদালতে হাজির করা সম্ভব নয়।’ পরে দুদক কৌঁসুলি খালেদা জিয়ার অনুপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতে আবেদন জানান। এর বিরোধিতা করে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, আসামির অনুপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানির সুযোগ নেই। উভয় পক্ষের বক্তব্য  শেষে ২৪ জানুয়ারি দিন ধার্য করে আদালত।