দোহারে গৃহবধূকে কুপিয়ে জখম, আটক ১

ঢাকার দোহারে এয়ারটেল সিম কোম্পানির মাঠকর্মী গৃহবধূ নিপাকে (২৫) প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে জাহিদ নামে এক বখাটে। গতকাল বুধবার দুপুরে উপজেলার মালিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা বখাটে জাহিদকে (৩০) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। আহত নিপা নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকার মৃত ইলিয়াস মোল্লার স্ত্রী। বখাটে জাহিদ মালিকান্দার আবেদ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাহিদ দীর্ঘদিন ধরে নিপাকে উত্ত্যক্ত করছিলেন। এ ঘটনা নিপা তার আত্মীয় মালিকান্দার মামুনকে জানান। মামুন বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে জাহিদকে ডেকে নিপাকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। এসময় নিপা সেখানে উপস্থিত ছিলেন। এ ঘটনায় জাহিদ ক্ষিপ্ত হয়ে নিপাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে এসে জাহিদকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এবং আহত নিপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকা প্রেরণের নির্দেশ দেন। দোহার থানার উপপরিদর্শক হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।