একটি মহল শ্রমিকদের উসকে দিয়ে গার্মেন্টস শিল্পকে ধ্বংসের চেষ্টা করছে

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেছেন, দেশীয় এবং আন্তর্জাতিক একটি মহল শ্রমিক আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা এসব আন্দোলনে ইন্ধন দিয়ে এটিকে আরও বড় এবং ধ্বংসাত্মক পর্যায়ে নিয়ে যেতে চায়। ইতোমধ্যে তাদের শনাক্ত করেছি এবং অনেককে গ্রেফতারও করা হয়েছে। গতকাল বুধবার বিকালে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসী কিংডমের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মজুরি বৈষম্যের অভিযোগে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় ১২ মামলায় ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা প্রকৃত অপরাধী তাদেরই আইনের আওতায় আনা হবে। সাধারণ শ্রমিকরা যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে আমরা সচেতন রয়েছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামিনুর রহমান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান প্রমুখ।