হাইকোর্ট মাজারে চুরির ঘটনার ভিডিও প্রকাশ

রাজধানীর হাইকোর্ট চত্বরের মাজার মসজিদে চুরি ঘটনার ভিডিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার রাতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ ভিডিওটি প্রকাশ করে। ভিডিওতে দেখা গেছে, মুখে কালো কাপড় পরে সিন্দুক ভেঙে টাকা চুরি করছেন একজন। চুরির পর গেটের তালা ভাঙেন তিনি। এরপর সাদা শার্ট ও কালো প্যান্ট পরা এক ব্যক্তিকে এই চুরিতে সহযোগিতা করতে দেখা যায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, ভিডিওচিত্রে প্রদর্শিত ব্যক্তি সম্পর্কে কারো জানা থাকলে ডিএমপিতে যোগাযোগ করতে। এজন্য দুইটি মোবাইল নম্বর দেওয়া হয়। ০১৭১৩-৩৭৩১২৫ (ভারপ্রাপ্ত কর্মকর্তা, শাহবাগ থানা), ০১৭২১৪৭১৪৬১ (এসআই মো. মনছুর আহম্মেদ)। গত বছরের ২২ ডিসেম্বর মসজিদের ভেতরে রাখা ১১টি সিন্দুকের তালা ভেঙে দানের সব টাকা নিয়ে যায় চোরেরা।

মাজার সূত্র জানায়, ওই দিন এশার নামাজের পর মসজিদের গেট বন্ধ করে দেওয়া হয়। আর রাত ১০টার পর মাজারের গেট বন্ধ করা হয়। প্রতি রাতে মসজিদ ও মাজারে দুইজন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। তবে ঘটনার দিন রাতে এক আনসার সদস্য ব্যক্তিগত কারণে ডিউটি করতে পারেননি। প্রতি তিন মাস পরপর সিন্দুকের তালা খুলে টাকা সংগ্রহ করা হয়। সর্বশেষ ২৬ দিন আগে টাকা সংগ্রহ করেছিল মাজার কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে পারবেন না বলে জানান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও মসজিদ-মাদ্রাসা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, চুরির ঘটনায় মাজার কর্তৃপক্ষ একটি মামলা করেন। ভিডিও ফুটেজ দেখে এক ব্যক্তিকে আটক করা হয়েছিল। আটককৃত ব্যক্তির সঙ্গে ভিডিও ফুটেজে দেখা ব্যক্তির কোনো মিল ছিল না।