ঢাকাকে হারিয়েছে রাজশাহী হোম ভেন্যুতে সিলেটের প্রথম জয়

টানা তিনটি লো-স্কোরিং ম্যাচের রানের দেখা মিলেছে সিলেটে। আগের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে ৬৮ রানে অলআউট হওয়া সিলেট সিক্সার্স গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের তৃতীয় সর্বোচ্চ রান করেছে। হোম ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ হারলেও গতকাল জয় তুলে নিয়েছে সিলেট। রংপুর রাইডার্সকে ২৭ রানে পরাজিত করেছে স্বাগতিকরা।

গতকাল আগে ব্যাট করে লিটন দাস ও ডেভিড ওয়ার্নারের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৮৭ রান করেছে সিলেট সিক্সার্স। ৪৩ বলে ৭০ রান (৯ চার, ১ ছয়) করেন লিটন। ৩৬ বলে ৬১ রানের (৬ চার, ২ ছয়) ইনিংস খেলেন অধিনায়ক ওয়ার্নার। সাব্বির ২০, নিকোলাস পুরান ২৬ রান করেন। রংপুরের শফিউল নেন ৩ উইকেট।

স্বাগতিকদের দেয়া ১৮৮ রানের টার্গেটের চাপটা নিতে পারেনি রংপুর। ১১ রানে তিন উইকেট হারানো দলের হয়ে লড়েছিলেন রাইলি রুশো ও মোহাম্মদ মিঠুন। তবে শেষ রক্ষা করতে পারেননি। ৬ উইকেটে ১৬০ রান করতে সমর্থ হয়েছে রংপুর। রুশো ৫৮, মিঠুন ৩৫, মাশরাফি ৩৫ রান করেন। সিলেটের তাসকিন ও মেহেদী হাসান দুটি করে উইকেট পান। লিটন দাস ম্যাচ সেরার পুরস্কার পান।

এর আগে দিনের প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকার জয়রথ থামিয়ে দিয়েছে রাজশাহী। টানা চার ম্যাচ জেতা ঢাকাকে গতকাল ২০ রানে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। জার্সিতে মায়ের নাম লিখে মাঠে নামা রাজশাহী প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩৬ রানের পুঁজি গড়েছিল। মার্শাল আইয়ুব ৪৫, শাহরিয়ার নাফিস ২৫, জাকির হাসান ২০, ডেসকাট ১৬ রান করেন। নারিন তিনটি উইকেট নেন। জবাবে রাজশাহীর স্পিনারদের তোপের বিপরীতে ৯ উইকেটে ১১৬ রান তুলতে সমর্থ হয় ঢাকা। নুরুল হাসান ২১, নাঈম শেখ ১৭, রনি তালুকদার ১৪ রান করেন। ৪ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রাজশাহীর আরাফাত সানি ম্যাচ সেরা হন।