সুশাসন নিশ্চিত করাই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সুশাসন নিশ্চিতের পাশাপাশি রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ-সভাপতি মিজান মালিক ও যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, দেশ এগুচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড চলছে। মানুষের জীবনমান উন্নত হচ্ছে। জঙ্গি নির্মূল করেছি। এখন মাদক সমস্যার সমাধান গুরুত্ব পাচ্ছে। মাদক ব্যাবসায়ীদের ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আগামী দিনগুলোত ক্র্যাবের পাশে থাকার আশ্বাস দেন। পাশপাশি অপরাধ নির্মূলে সরকারের যে কোনো পদক্ষেপে ক্র্যাবকে পাশে পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।