অবৈধ সম্পদের মামলায় পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমানসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অব্যাহত রয়েছে। রবিবার বিশেষ আদালতে সাক্ষ্য দেন বরিশাল জেলার বাকেরগঞ্জের নকুয়া ইউনিয়ন পরিষদের উপসহকারী কর্মকর্তা (ভূমি) মো. রকুনুজ্জামান মুরাদ।
ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য গ্রহণ শেষে জেরা করেন আসামির আইনজীবীরা। এই মামলায় আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত।
২০১৯ সালের ২৪ জুন ৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক। হাইকোর্টের নির্দেশে গত বছর ১ জুলাই শাহবাগ থানা পুলিশ মিজানকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
আরো পড়ুন : বুয়েটের আবরার হত্যা মামলায় ৩৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
মামলার অপর আসামিরা হলেন: মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্মা, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান। এর মধ্যে মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্মা ও ছোট ভাই মাহবুবুর রহমান পলাতক। তবে কারাগার থেকে মিজান ও তার ভাগ্নেকে আদালতে হাজির করা হয়।
ইত্তেফাক/ইউবি