নড়াইল-নওয়াপাড়া সড়কের কাড়ারবিল নামক এলাকায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী রুম্মান হোসেন রোমিও (২৮) নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। রোমিওর নামে খুন, ডাকাতিসহ নড়াইল, যশোর ও অভয়নগর থানায় ১৩টি মামলা রয়েছে। রোমিও নড়াইল সদর উপজেলার মুধুরগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একদল সন্ত্রাসী নড়াইল সদর উপজেলার কাড়ারবিল নামক এলাকায় অবস্থান করছে। এ সময় পুলিশ ওই এলাকায় পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা হামলা চালালে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায়। ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে গুলিবিদ্ধ একজনকে পুলিশ নড়াইল সদর হাসপাতালে আনলে চিকিসত্ক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশ সদস্য সোহাগ, মফিজুল ও নাজমুল আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে।
তালায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: তালায় মইজ উদ্দীন আহম্মেদ টুলু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে খুলনা-পাইকগাছা সড়ক সংলগ্ন তালা উপজেলার তেঁতুলিয়া বিশ্বাসের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার পকেট থেকে ১৬০ পিস ইয়াবা, তার ব্যবহূত টিভিএস মোটরসাইকেল থেকে ১৫ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নিহত মইজ উদ্দীন আহম্মেদ টুলু সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ী মাঝেরপাড়া গ্রামের শামছুল হক সরদারের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার (তালা সার্কেল) অপু সরোয়ার ও তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।