শরণখোলায় লোকালয়ে বাঘ, গ্রামবাসীর মাঝে আতংক

শরণখোলায় একটি গ্রামে বিশালাকার রয়েল বেঙ্গল টাইগার দেখা দিয়েছে। এ ঘটনার পর থেকে গ্রামবাসীর মাঝে বাঘ আতংক দেখা দিয়েছে। গ্রামের মসজিদ থেকে মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার ভোরে জেলেরা পূর্ব সুন্দরবন সংলগ্ন পানিরঘাট এলাকায় ভোলা নদীর ছইলাবাগানে বাঘ দেখতে পায়। তখন তারা হৈ চৈ করে গ্রামবাসীকে জানায়। এরপর গ্রামের মসজিদের মাইক দিয়ে গ্রামবাসীকে সাবধান করে দেওয়া হয়।

বন বিভাগ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে দক্ষিণ সোনাতলা গ্রামের অহিদুল, ছায়েদ বয়াতী ও কবীর বয়াতী সুন্দরবনে মাছ ধরতে যাচ্ছিলেন। এ সময় পানিরঘাট ফরেস্ট টহল ফাঁড়ির অপর পাড়ে নদীর চরে লোকালয়ের ছইলাবাগানে একটি বিশালাকার রয়েল বেঙ্গল টাইগারকে হাঁটতে দেখে তারা ভয় পেয়ে ফিরে আসে। তাৎক্ষনিক এলাকার মসজিদ থেকে মাইকিং করে গ্রামে বাঘ আসার খবর জানিয়ে জনসাধারণকে সাবধান করে দেয়া হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যা

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ (এসিএফ) কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন মুঠোফোনে জানান, ‘ভোলা নদী পার হয়ে লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে পানিরঘাট এলাকায় গিয়ে নদীরচরে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। জনসাধারণকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন বিভাগ ও টাইগার রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বনরক্ষীরা বিষয়টির দিকে নজর রাখছে। রাতের দিকে নদীর পাড়ে পটকা ফুটানো হবে যাতে বাঘ গ্রামে আসতে না পারে।’

ইত্তেফাক/নূহু