প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবিরের জানাজা সম্পন্ন

খ্যাতিমান প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবিরকে বৃহস্পতিবার সকাল ১১টায় জামালপুরের মেলান্দহের নিজবাড়ি রেখিরপাড়ায় দাফন করা হয়েছে। তিনি ১৫ জানুয়ারি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। জাতীয় প্রেসক্লাবে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

গ্রামের বাড়ির শেষ জানাজাকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব ও আমানুল্লাহ কবিরের ভাই নঈম জাহাঙ্গীর, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী-বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সরকার আ. সালাম বকুল, সাবেক জামালপুর পৌরমেয়র অ্যাড. ওয়ারেছ আলী মামুন, সাবেক মেলান্দহ পৌরমেয়র হাজী দিদার পাশা, সাংবাদিক নেতা আলহাজ নূরুল আলম সিদ্দিকী, মেলান্দহ বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান প্রমুখ।

আমানুল্লাহ কবির জামালপুরের মেলান্দহ উপজেলার ৮নং ফুলকোচা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মরহুম বছির উদ্দিন মাস্টারের ছেলে। তিনি ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে আমানুল্লাহ কবির হাজরাবাড়ি হাই স্কুল থেকে মেট্রিক পাশ করেন। 
রংপুর কারমাইকেল কলেজ থেকে আইএ পাশ করেন। ১৯৬৯ সালে দৈনিক পয়গাম পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। দেশ স্বাধীনের পর তিনি দি পিপল্স পত্রিকায় যোগদান করেন। পরবর্তীতে বাংলাদেশ টাইমস, দি নিউ নেশন, দি ডেইলী স্টারের নিউজ এডিটর, দি টেলিগ্রাফের নির্বাহী সম্পাদক, দি ডেইলী ইন্ডিপেন্ডেন্টের সম্পাদক, দি হলি ডেসহ আমার দেশ পত্রিকার সম্পাদক ছিলেন। 

ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুইবার মহাসচিব নির্বাচিত হন। ঢাকাস্থ জামালপুর সমিতি এবং বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি), প্রেস কাউন্সিল ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এমডি ও প্রধান সম্পাদক ছিলেন।

আরও পড়ুনঃ দুর্নীতিমুক্ত থেকে দৃষ্টান্ত স্থাপন করুণ: পরিবেশ মন্ত্রী

সাংবাদিকতার সুবাদে তিনি বহু দেশ ভ্রমন করেছেন। রাজনৈতিকভাবে তিনি জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থক ছিলেন। আমানুল্লাহ কবির বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীরের বড় ভাই।

ইত্তেফাক/নূহু