নরসিংদীতে অজ্ঞাতনামা দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জলাশয় থেকে একজনের অর্ধগলিত লাশ এবং অপর একটি ঘটনায় ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেন অজ্ঞাত এক যুবক। লাশ দুটি মর্গে পাঠিয়েছে নরসিংদী মডেল থানা পুলিশ।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান জানান, ‘বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) শহরের বিলাসদী এলাকার রেলওয়ের একটি জলাশয়ে অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে, মৃতদেহটি দুই থেকে তিন দিন আগের। এখন পর্যন্ত লাশটি শনাক্ত হয়নি।’
অপরদিকে, একই দিন শহরের ইনডেক্স প্লাজার ছয়তলার ছাদ থেকে পড়ে মারা গেছে অজ্ঞাতনামা এক যুবক। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে অজ্ঞাতনামা এই যুবক ছাদে পায়চারি করছিল। এক পর্যায়ে সে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
আরো পড়ুন: গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা যাত্রাশিল্পীরা ভালো নেই
স্থানীয়দের ধারণা, ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে যুবকটি। তবে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি। যুবকটির লাশও এখন পর্যন্ত শনাক্ত হয়নি।
ইত্তেফাক/অনি/নূহু