কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সহায়তা করার অংশ হিসেবে পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস রিজিওনাল সিকিউরিটি অফিসের দূতাবাসের প্রতিনিধিরা পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহিদুল ইসলাম ও স্পেশাল ব্রাঞ্চের এসএসপি মোনা লিসা বেগমের কাছে এসব সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করেন। কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকার বাংলাদেশকে ৬ কোটি ৮৭ লাখ ডলারেরও বেশি অনুদান দিয়েছে।
আরো পড়ুন : রাতের আধারে মধুদার ভাস্কর্যের কান ভেঙে দিল দুর্বৃত্তরা
বৃহস্পতিবার দেওয়া সুরক্ষা সরঞ্জাম (পিপিই)-এর মধ্যে রয়েছে ২ হাজার ধুয়ে পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক এবং ১ হাজার মুখ ঢাকার শিল্ড বা বর্ম। এই সকল সরঞ্জাম যুক্তরাষ্ট্র স্থানীয়ভাবে বাংলাদেশি কোম্পানির কাছ থেকে কিনেছে।
দূতাবাসের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা কোভিড-১৯ মোকাবেলায় সম্মুখ সারিতে থেকে কাজ করছেন। তাদেরকে অত্যাবশ্যকীয় পিপিই অনুদান দিতে পেরে আমরা গর্বিত। যুক্তরাষ্ট্র এই মহামারি মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে এবং একইসঙ্গে দুই দেশের মধ্যে ইতিমধ্যে তৈরি হওয়া গভীর সম্পর্ক আরো জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ।
ইত্তেফাক/ইউবি