নানা আয়োজনে আয়কর মেলা

দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে শুরু হয়েছে আয়কর মেলা। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

দিনাজপুর: দিনাজপুরে বুধবার চার দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপকর কমিশনার সার্কেল ৮ এর কার্যালয় অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কর কমিশনার নাজনীন আকতার নিপার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল রংপুরের কর কমিশনার মো. ফজলুর রহমান। আরো বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সভাপতি সুজা-উর-রব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. বজলুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, সাবেক যুগ্ম কর কমিশনার আবু ইছাহাক, বেতন সার্কেলের উপকর কমিশনার আফরোজা বেগম, ট্যাক্সেস বারের সাধারণ সম্পাদক নকিবুল হক, সর্বোচ্চ করদাতা ডা. জাহানারা বেগম মুন্নী ও মোমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কর পরিদর্শক মো. জুলফিকার আলী।

গোপালগঞ্জ: বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ আয়কর অফিস চত্বরে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেছেন অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল এমপি। কর অঞ্চল ঢাকা ৩ এর অতিরিক্ত কর কমিশনার শাহীন আকতার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, গোপালগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি অ্যাডভোকেট কাজী জিন্নাত আলী।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার চার দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন করেন রাজশাহী অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলম। নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ১৫ সার্কেলের সহকারী কর কমিশনার মো. সাদিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দাউদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুব আলম খান প্রমুখ।

শেরপুর: বৃহস্পতিবার শেরপুর আয়কর অফিস প্রাঙ্গণে চার দিনব্যাপী মেলা উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। শেরপুর সার্কেল-১০ এর সহকারী কর কমিশনার প্রীতিশ বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, সাবেক এফবিসিসিআই পরিচালক ও চেম্বার সভাপতি মো. মাসুদ প্রমুখ।

সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডে কর অঞ্চল-১ চট্টগ্রামের সার্কেল ১৭ এর উদ্যোগে পৌর সদরে দুদিনব্যাপী আয়কর মেলা বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। বুধবার পৌর সদরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে (এলকে সিদ্দিকী স্কয়ার) অতিরিক্ত সহকারী কর কমিশনারের সভাপতিত্বে পেয়ারু হোসেন ও অফিস সহকারী শামফ নোমানের পরিচালনায় আয়কর মেলা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম।