ইচ্ছে পুষি হবে অনেক টাকা
পকেট আমার থাকবে না তো ফাঁকা।
ব্যাংকে টাকার অঙ্ক হবে ভারী
জমবে পাউন্ড-ডলার কাঁড়ি-কাঁড়ি।
টাকা হলেই মানুষ নামিদামি
তাই তো টাকার স্বপ্ন দেখি আমি।
মনের ভেতর টাকার ছবি আঁকি
টাকা ছাড়া জীবন অচল, ফাঁকি।
কী করে যে আসবে টাকা হাতে
ভেবে ভেবে ঘুম আসে না রাতে।
আশেপাশে চোখ মেললেই দেখি
রাতারাতি উঠছে দালান একি!
অল্প বেতন পেয়েও হাঁকায় গাড়ি
কিনছে দামি জামা-জুতো-শাড়ি।
বিদেশ যেয়েই কেনাকাটা বাজার
করতে ছোটে যাক না ডলার হাজার।
ভিনদেশেতেও গড়ছে প্রাসাদবাড়ি
বিমানযোগে দিচ্ছে বিদেশ পাড়ি।
কোত্থেকে পায় এত্তো টাকা ওরা?
উত্স নাকি অন্ধকারে মোড়া।
উলটোপথেই আসছে ওদের টাকা
পড়ছে আমার স্বপ্নগুলো ঢাকা।