সিদ্ধিরগঞ্জে বলাৎকার করে এক শিশুকে হত্যার খবর পাওয়া গেছে। শিশুটির নাম তানজিল (৭)। বৃহস্পতিবার বিকালে নাসিক ৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকার আলমখানের ভাড়াবাড়ির একটি ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আলমখানের এই বাড়িটিতেই তানজিল তার বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকতো। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে ওই বাড়ির দায়িত্বে থাকা ম্যানেজার রাজু পলাতক রয়েছে।
নিহতের বাবা আনোয়ার মিয়া জানান, ‘গত বুধবার সন্ধ্যা থেকে তানজিল নিখোঁজ ছিলো। নিখোঁজের পর থেকে বিভিন্ন স্থানে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করি। থানা থেকে বাড়ি ফিরে স্থানীয়দের সহযোগিতায় সন্তানকে আবারো খুঁজতে থাকি। এ সময় ওই বাড়ির একটি স্টোররুমে ড্রামের নিচ থেকে তানজিলের লাশটি উদ্ধার করে স্থানীয়রা।’
এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত তানজিল যশোর জেলার কোতোয়ালি থানার সুলতানপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।
আরও পড়ুনঃ লাকসামে বাসচাপায় ২ সিএনজি যাত্রী নিহত
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন শাহ পারভেজ জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে বলাৎকার করার পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।’
ইত্তেফাক/নূহু