কাহালুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

বগুড়ার কাহালুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। উপজেলার জামগ্রাম ইউনিয়নের কালিপাড়া উচ্চ বিদ্যালয়ের নিকটে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লোকনাথপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত সামছুল হক খাঁন ওরফে পোকোর পুত্র কামরুল ইসলাম ওরফে সুজা খান (৩০), একই গ্রামের ছাবের আলী খানের পুত্র লেবু খাঁন (৬৬)। এছাড়া ওই গ্রামের ইছাহাকের পুত্র সংলাপ মুন্সি ওরফে বাকের (২০) গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, সুজার বড় ভাই কাহালু উপজেলা যুব সংহতির সভাপতি সবুজ খাঁন আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য নির্বাচনী পোস্টার ছাপান। সুজা বৃহস্পতিবার দুপুরে বড় ভাইয়ের নির্বাচনী পোস্টার জামগ্রাম ইউনিয়ন এলাকায় লাগানোর জন্য তার মোটরসাইকেলে লেবু ও বাকেরকে তুলে নিয়ে জামগ্রাম এলাকায় যান।

পোস্টার লাগানো শেষে বিকেল সাড়ে ৫টার দিকে সুজা খুব দ্রুতগতিতে তার মোটর সাইকেলটি চালিয়ে নিজ বাড়ি ফেরার সময় কালিপাড়া উচ্চ বিদ্যালয়ের নিকটে বাঁকে পৌঁছামাত্র সুজা নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটর সাইকেলটি রাস্তার পাশের একটি তাল গাছের সঙ্গে প্রচণ্ড বেগে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মাথায় আঘাত পেয়ে  সুজা ও লেবু মারা যায়। অপর দিকে একই মোটরসাইকেলে থাকা গুরুতর আহত বাকেরকে আংশকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত বাকের অর্নাসের ছাত্র বলে জানা গেছে।

আরও পড়ুনঃ সিদ্ধিরগঞ্জে ৭ বছরের শিশুকে বলাৎকারের পর হত্যা

সুজা ও লেবুর মৃত্যুর সংবাদ কাহালু থানার এসআই আব্দুর রহিম ও দুর্গাপুর ইউপি চেয়ারম্যান বদেরুজ্জামান খান বদের নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু