২০২৩ সালের মধ্যে আইসিটি রপ্তানি ৭ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। এর আগে নির্ধারিত ২০২১ সালের মধ্যে আইসিটি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে সরকার আশাবাদী। দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগকারীদের ঝামেলাবিহীন দ্রুত সেবা নিশ্চিত করার জন্য ফাস্ট ট্রাক সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার। গতকাল আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলন কক্ষে আইসিটি খাতে বিনিয়োগকারিদের ফাস্ট ট্রাক সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বিসিসির লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্পের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিসিসি’র নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ও বিডার সচিব মো. মোশাররফ হোসেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব জুয়েনা আজিজ, এলআইসিটি কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদসহ আইসিটি খাতের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এ সময় পলক বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য আমাদেরকে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি লক্ষ্য নির্ধারণ করে এখনই কাজ শুরু করতে হবে। স্বল্প মেয়াদি কার্যক্রমের অংশ হিসেবে বিনিয়োগের ক্ষেত্রে অন্তত পাঁচটি অন্তরায় চিহ্নিত করে তা সমাধানের জন্য কাজ শুরু করা যেতে পারে।’