সংবাদ প্রকাশের নতুন প্লাটফর্ম আনার ঘোষণা দিয়েছে গুগল। গুগল ইতোমধ্যে তাদেরওয়েব ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান অটোম্যাটিক এবং ওয়ার্ডপ্রেস ডটকম-এর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। আইএএনএস-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন প্লাটফর্মটির জন্য গুগল ‘নিউজপ্যাক’ তৈরি করতে ১২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ‘দ্রুতগতির, নিরাপদ, কম খরচের প্রকাশনা প্লাটফর্ম হলো নিউজপ্যাক, যা ছোট নিউজরুমগুলোর চাহিদা মেটাবে।’ চলতি বছরের শেষ দিকে গুগল প্রেমীরা এই সুবিধা ভোগ করতে পারবে। এ বিষয়ে গুগল সার্চ-এর পণ্য ব্যবস্থাপনা পরিচালক জিম অ্যালব্রেট বলেন, ‘পত্রিকাগুলো যখন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশনা শুরু করতে যায় তখন তাদেরকে কর্মী, প্রকাশনা ও প্রতিবেদক কমাতে হয়, এতে তারা প্রযুক্তিগত ও ব্যবসায়িক সমস্যার মধ্যে পড়ে।’
ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের তৈরি সব প্লাগইনস ব্যবহার করা যাবে নিউজপ্যাকে। কিন্তু মূল ব্যবস্থার সব ফিচার হয়তো সবার জন্য উন্মুক্ত থাকবে না। এ বিষয়ে গুগলের পক্ষ থেকে বলা হয়, নিউজপ্যাকের ফিচার সেট নিয়ে উপদেশও দেবে তারা। আর এতে গুগল পণ্য অন্তর্ভুক্ত করতে প্রযুক্তিগত সমর্থনও দেওয়া হবে।
সূত্র :আইএএনএস