সিরিজ জয়ের মঞ্চ প্রস্তুত ভারতের, অপেক্ষা কেবল শেষ ম্যাচে নিজেদের প্রমাণের। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। ফলে আজ সকালে মেলবোর্নে যারা জিতবে তারাই জিতে যাবে সিরিজ। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে বিরাট কোহলির দল, অস্ট্রেলিয়াও যে ছেড়ে কথা বলবে না - সেটা না বলে দিলেও চলে।
টেস্ট সিরিজে নাস্তানাবুদ হলেও, জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। ব্যাটসম্যান-বোলারদের নৈপুণ্যে ৩৪ রানে প্রথম ওয়ানডে জিতেছিলো অসিরা। দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের ধারা অব্যাহত রাখাই মূল লক্ষ্য ছিলো তাদের। যাতে এক ম্যাচ বাকি রেখেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করা যায়। এতে টেস্ট সিরিজ হারের ক্ষত কিছুটা হলেও লাঘব হবে।
কিন্তু না, অস্ট্রেলিয়ার স্বপ্ন পূরণ হয়নি। দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করে ভারত। ভারতের বোলাররা নিজেদের সেরাটা দিতে না পারায় প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৯৮ রানের বড় সংগ্রহ পেয়ে যায় অস্ট্রেলিয়া। তিন নম্বরে নেমে ১৩১ রানের দর্শনীয় ইনিংস খেলেন মার্শ। তাই সিরিজ টিকে থাকতে ম্যাচ জয়ের জন্য ২৯৯ রান প্রয়োজন পড়ে ভারতের।
দুই ওপেনার ভালো শুরু এনে দিলেও, নিজেরা বড় ইনিংস খেলতে পারেননি। তবে অধিনায়ক বিরাট কোহলি দলকে টেনে নিয়ে গেছেন সামনের দিকে। তার সেঞ্চুরিতে ম্যাচ জয়ের পথ দেখতে পারে ভারত। কোহলি ১০৪ রান করে ফিরে গেলে চিন্তায় পড়ে ভারত। কারণ কোহলির বিদায়ের পর ক্রিজে একত্রিত হন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও দিনেশ কার্তিক।
ধোনির বর্তমান ফর্ম নিয়ে বেশি চিন্তা ছিলো ভারতের। কিন্তু কার্তিককে নিয়ে ভারতকে জয়ের বন্দরে নিয়ে যান ধোনি। প্রথম ওয়ানডেতে ৯৬ বলে ৫১ রান করা ধোনি অ্যাডিলেডে করেন ৫৪ বলে ৫৫ রান। তার ইনিংসে ২টি ছক্কা ছিলো। কার্তিকও দলের জয়ে অবদান রাখেন। ১৪ বলে করেন ২৫ রান। ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা আনে ভারত। তাই সিরিজের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে মহাগুরুত্বপূর্ণ। দু’দলই চাইছে তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করতে।
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান শন মার্শ বলেন, ‘সিরিজের শেষ ম্যাচে আমাদের সামনে সহজ সমীকরণ। সিরিজ জিততে হলে ম্যাচ জয় করতে হবে। তাই আমরা জানি, কিভাবে-কি করতে হবে। ম্যাচ জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা আমরা করবো। এ ম্যাচের জয়ের ব্যাপারে দলের সবাই অনেক বেশি আশাবাদী।’
একইভাবে এখন সিরিজ জয়ই প্রধান লক্ষ্য জানিয়ে ভারতের ওপেনার শিখর ধাওয়ান বলেন, ‘টেস্ট সিরিজে দল দুর্দান্ত পারফরমেন্স করেছে। ওয়ানডেতে আমরা ভালো করছি। সিরিজে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছি। তাই আমাদের সামর্থ্য নিয়ে কোনো চিন্তা নেই। আমরা যেকোনো পরিস্থিতিতে ভালো খেলতে পারি। মেলবোর্নেও আমরা নিজেদের সেরাটা উজাড় করে দেবো। কারন আমাদের লক্ষ্য ওয়ানডে সিরিজ জয়।’
এদিকে, দু’টি পরিবর্তন নিয়ে তৃতীয় ওয়ানডে খেলতে নামবে অস্ট্রেলিয়া। পেসার জেসন বেহরেনডর্ফ ও স্পিনার নাথান লিঁওকে বাইরে রেখে ইতোমধ্যে একাদশ ঘোষণা করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বেহরেনডর্ফ ও লিঁও’র পরিবর্তে দলে জায়গা পেয়েছেন বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।