চার বছর পর আবারো নতুন ছবির ঘোষণা

দীর্ঘ ৪ বছর পর আবারো নতুন ছবির কাজ শুরু করলেন অনন্ত-বর্ষা। ‘দ্বীন দ্য ডে’ নামের এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো ইরানের সাথে যৌথ প্রযোজনায় ছবি নির্মিত হচ্ছে। এ প্রসঙ্গে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত বলেন, ‘আমি কখনোই কোনো লুকোচুরি বা নীতিমালার বাইরে কাজ করিনি। তাই যৌথ ছবি নির্মাণের পূর্ণ নীতিমালা মেনেই কাজ শুরু হচ্ছে। টানা ৫২ দিন ধরে স্ক্রিপ্টের কাঁটাছেড়া হয়েছে। আশা করছি নতুন ধারার একটি চলচ্চিত্রের স্বাদ দর্শকদের আমরা দিতে পারবো।’

এদিকে চিত্রনায়িকা বর্ষা বলেন, ‘আমি আমার সংসার নিয়েই সারাক্ষণ ব্যস্ত। দুই সন্তানকে লালন-পালন আর সংসারের দেখভাল করাতেই আমার বড় আনন্দ। তবে নতুন করে ছবি শুরু হচ্ছে। এর আগে আমরা ঘোষণা দিয়েছিলাম যে, আমরা পরবর্তীতে যা-ই করি না কেন তা ইসলামের প্রচারের জন্য করবো। সেই কথা অনুযায়ীই কাজ করছি।’

এদিকে এই ছবির মাধ্যমে অনন্ত জলিল তার নিজস্ব প্রডাকশন থেকে নতুন একজন হিরোকে দর্শকদের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। নবাগত’র নাম সুমন ফারুক। অনন্ত জলিলের মাধ্যমে ছবিতে অভিষিক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার জন্য দারুণ এক সৌভাগ্যের ব্যাপার যে, অনন্ত ভাইয়ের মতো সুপারস্টারের মাধ্যমে আমার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। তবে চলচ্চিত্রে নিয়মিত কাজ করে যেতে চাই।’