তথ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোর কভার ফটোতে এখনো সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিভিন্ন কর্মকাণ্ডের ছবি দৃশ্যমান রয়েছে। তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ছাড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান যেমন তথ্য অধিদপ্তর (পিআইডি), গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ প্রেস কাউন্সিল, বাংলাদেশ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে এখনো সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ছবি দেখা যাচ্ছে। নতুন মন্ত্রী পরিষদ ৭ জানুয়ারি শপথ নেওয়ার পর কাজ শুরু করেছে। তাই তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট দ্রুত হালনাগাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বোরহান বিশ্বাস
খিলগাঁ, ঢাকা